সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যমান মতপার্থক্য ও সমস্যার সমাধানে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বুধবার ইরাকের প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকে)-এর প্রধান বাফেল তালাপানির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
পেজেশকিয়ান বলেন, ইরান ও ইরাকি কুর্দিস্তান অঞ্চলের জনগণের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্ক রয়েছে। প্রতিবেশীসুলভ সম্পর্ক ও অভিন্ন ঐতিহ্যের ভিত্তিতে দুই পক্ষের সহযোগিতা আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের অভিন্ন সম্পর্ক ও স্বার্থ রয়েছে। এসব অভিন্ন বিষয়কে কাজে লাগিয়ে সহযোগিতা, স্থিতিশীলতা ও উন্নয়নের পথ আরও সুগম করা উচিত।
বৈঠকে ইরানি প্রেসিডেন্ট অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ ও সংঘাত তৈরি করে তাদের সক্ষমতা দুর্বল করার পাশাপাশি সম্পদ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক অস্থিতিশীলতা ও মতপার্থক্যের কারণগুলো কমাতে সহযোগিতা ও সংলাপ বাড়ানো জরুরি। কোনো গোষ্ঠীর যৌক্তিক দাবি থাকলে সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধার কাঠামোর মধ্য দিয়ে তা সমাধানে ইরান প্রস্তুত বলেও জানান তিনি।
একই সঙ্গে সব পক্ষকে সুপ্রতিবেশীসুলভ আচরণ বজায় রাখা এবং অতিরিক্ত দাবি ও অনুচিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট।
তিনি বলেন, মুসলিমদের মধ্যে অভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, সহযোগিতা, সংলাপ ও ন্যায়বিচারের মাধ্যমে আঞ্চলিক সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।
বৈঠকে বাফেল তালাপানি ইরানকে ইরাকি কুর্দিস্তানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন। তিনি দুই পক্ষের সম্পর্ক আরও জোরদার এবং যৌথ সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
সূত্র: প্রেসটিভি





