বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এর আগে তাকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফেরদৌসী আহমেদ বলেন, ‘তদন্ত হোক। তারা তদন্ত করে দেখুক... স্পিকার আমাকে ডেকেছিলেন, তাই আমি তার সঙ্গে দেখা করতে এসেছি।’
দুপুর ২টার দিকে সংসদ ভবনে প্রবেশ করেন তিনি। প্রায় ২০ মিনিট পর বেরিয়ে এসে ফেরদৌসী জানান, তিনি একাই স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গাড়িতে ওঠার সময় সাংবাদিকেরা তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি।
প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশের বিষয়ে জানতে চাইলে ফেরদৌসী পাল্টা প্রশ্ন করেন, ‘তিনি কি আপনাকে বলেছেন?’
এর আগে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বলেন, ‘দলের হাইকমান্ড তাকে পদত্যাগ করতে বলেছে।’ বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকেই এ নির্দেশনা এসেছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার বিকেল ৩টায় সচিবালয়ে এক ব্রিফিংয়ে এমপি ফেরদৌসীর পদত্যাগ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমার এখতিয়ারে নয়, এটা স্পিকার জানতে পারবেন।’
আইনি ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘যদি তার বিরুদ্ধে অভিযোগের তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়, তার বিরুদ্ধে চার্জশিট হবে। দলীয় ব্যবস্থা হবে দলের পক্ষ থেকে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ তদন্তের মাধ্যমে প্রমাণিত না হওয়া পর্যন্ত কিছু বলা সঠিক নয়।’
গত ২৪ সেপ্টেম্বর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে ফেরদৌসী আহমেদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।