ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন নামে এক যুবককে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিয়ে ভিডিও পোস্ট করার পর তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার পর মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, নিজ বাসা থেকে অজ্ঞাত দুই ব্যক্তি ফরহাদকে ডেকে নিয়ে পাশের সড়কে নিয়ে যায়। পরে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।

স্থানীয়রা জানান, আগুনে দগ্ধ অবস্থায় ফরহাদকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। শুক্রবার ময়নাতদন্ত শেষে বাদ মাগরিব তার দাফন সম্পন্ন করা হয়।

ফরহাদের স্ত্রী রুনার অভিযোগ, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের পর থেকেই ফরহাদকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। তিনি দাবি করেন, ওই ঘটনার জেরেই তাকে হত্যা করা হতে পারে।

তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ভুক্তভোগী তার ভিডিও স্টেটমেন্টে জানিয়েছিলেন, ‘আমার কোনো শত্রু নাই। কেন, কিভাবে কারা এটা করেছে আমি বুঝতে পারি নাই। তবে দুইটা লোক ছিল। কিন্তু তাদেরকে চিনতে পারি নাই।’

ওসি আরও বলেন, আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

ফরহাদ ‘বেকার মুক্তি কর্মসংস্থান’ নামের একটি সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকবিরোধী বিভিন্ন পোস্ট করতেন।

এ ঘটনায় শুক্রবার পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।
সূত্র: স্টার নিউজ