রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকায় বসবাস করতেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি ১০ নম্বর সড়কের লেকপাড়ে আবেশ অ্যান্ড রেস্টুরেন্টের ৭ নম্বর শাখার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ধানমন্ডি থানা পুলিশ জানায়, সকালে লেকে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া যায়।

এনআইডির তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে জাভেদ আহম্মেদের স্ত্রী শাহানা জাবিন খান এসে মরদেহ শনাক্ত করেন।

পুলিশকে শাহানা জাবিন খান জানান, জাভেদ দীর্ঘদিন ধরে বেকার ছিলেন এবং আর্থিক সংকটে ভুগছিলেন। তবে তিনি কীভাবে ধানমন্ডি লেকে পৌঁছালেন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, এসআই গফুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, জাভেদ আহম্মেদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।