যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুদ অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে কিছুটা পতন হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৩ সেন্ট কমে ১০৭ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৯৭ সেন্ট কমে ব্যারেলপ্রতি ১০৪ ডলারে দাঁড়ায়।
এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সৌদি আরবের সরবরাহ নিয়ে উদ্বেগ এবং ইউরোপে দেশটির রপ্তানি কমার খবরে তেলের দাম মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
তবে যুক্তরাষ্ট্রের আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট (এপিআই) প্রকাশিত তথ্যে দেখা যায়, গত সপ্তাহে দেশটিতে অপরিশোধিত তেল, পেট্রোল ও ডিস্টিলেটের মজুদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাজার বিশ্লেষকদের পূর্বাভাস ছিল, যুক্তরাষ্ট্রের তেলের মজুদ প্রায় ১ দশমিক ৬ মিলিয়ন ব্যারেল কমতে পারে। কিন্তু এর পরিবর্তে মজুদ বেড়েছে ৭ দশমিক ১ মিলিয়ন ব্যারেল।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে তেলের মজুদ বাড়লেও বৈশ্বিক সরবরাহ সংকট পুরোপুরি কাটেনি। লোহিত সাগরের বিকল্প রুট হিসেবে সৌদি আরব প্রতিদিন প্রায় ৪ মিলিয়ন ব্যারেল তেল যে পথে সরবরাহ করত, পাইপলাইন বন্ধ থাকায় তা ব্যাহত হচ্ছে।
মার্কিন প্রশাসন জানিয়েছে, সরবরাহ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে পাইপলাইন সংস্কারে পাঁচ থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।





