মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের রপ্তানি বৃদ্ধি এবং জি-৭ দেশগুলোর জরুরি মজুদ থেকে তেল বাজারে ছাড়ার ঘোষণায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।
সোমবার (৫ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ বাড়ায় বাজারে এর প্রভাব পড়েছে।
সর্বশেষ বাজারদর অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট বা ০ দশমিক ৬৫ শতাংশ কমে ১০১ দশমিক ৫৯ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৫ সেন্ট বা ১ দশমিক ০৩ শতাংশ কমে ৯০ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের পর গত শুক্রবার জি-৭ভুক্ত দেশগুলো তাদের জরুরি মজুদ থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার ঘোষণা দেয়।
একই সঙ্গে জি-৭ দেশগুলো জ্বালানি রপ্তানিতে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ না করার অঙ্গীকার করেছে। এর পরিপ্রেক্ষিতেই ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআইয়ের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।