এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রেখে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে ধর্মঘটের মাধ্যমে ভোক্তাদের দুর্ভোগে ফেলা হলে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করা হবে।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
এর আগে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ, কমিশন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর (বৃহস্পতিবার ও শুক্রবার) সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ এলপি গ্যাস ট্রেডার্স কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন।
জ্বালানিমন্ত্রী বলেন, চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম প্রতিনিয়ত ওঠানামা করছে। সরবরাহের উৎস নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তিনি জানান, বর্তমানে যুক্তরাষ্ট্র ছাড়া জ্বালানি সংগ্রহের অন্য উৎসগুলো নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এমন পরিস্থিতিতে দেশের ভোক্তাদের জন্য সহনীয় পর্যায়ে এলপিজির দাম ধরে রাখতে সরকার সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করছে।
ধর্মঘটের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘এ মুহূর্তে এরকম একটা অবস্থার মধ্যে যদি কেউ এই ধর্মঘট করার চেষ্টা করে, এসেন্সিয়াল এই পণ্য  নিয়ে, আমাদের ১৯৫৬ সালে আইন আছে, আমরা সেই আইন প্রয়োগ করব।’
তিনি আরও বলেন, বারবার ধর্মঘটের মাধ্যমে পণ্যের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়। জনগণের আস্থা নিয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। তাই সাধারণ মানুষ যাতে কোনো ধরনের অসুবিধায় না পড়েন, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
একই সঙ্গে ধর্মঘটের ঘোষণা দেওয়া ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনার টেবিলে বসেছে। তাই আলোচনার মাধ্যমেই বিদ্যমান সমস্যার সমাধান হওয়া উচিত।
এদিকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ইকবাল হাসান মাহমুদ বলেন, অতিরিক্ত দাম আদায়ের বিষয়টি নিয়েই সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করা হয়েছে। সরকার এসব সমস্যা সমাধানে কাজ করছে।
বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তা পর্যায়ে সহনীয় মূল্য নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলে জানান জ্বালানিমন্ত্রী।