রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার অভিযোগে আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা একটি মামলায় ওই চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।
এর আগে শনিবার (১০ অক্টোবর) সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার চেষ্টা করেন রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের সদস্যসচিব আ ন ম আয়াসসহ কয়েকজন।
ঘটনার দিন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক জানিয়েছিলেন, রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার অভিযোগে শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াস নামে একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
এর আগে গত ৫ অক্টোবর সেগুনবাগিচা এলাকায় ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পরে সেখানকার দেয়ালে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ বিশিষ্ট ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।
তাঁদের মধ্যে রয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।
ফুটপাত সংস্কারের অংশ হিসেবে পথচারীদের জন্য নতুন ডাস্টবিন স্থাপন, বিশ্রামের বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কার করা হয়। এরপর ফুটপাতটি সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এদিকে গ্রেপ্তার আ ন ম আয়াস এর আগেও বিভিন্ন ঘটনায় আলোচনায় এসেছেন। জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি, ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ এবং নিজে হামলার শিকার হওয়ার ঘটনাসহ নানা কারণে তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে।