মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো ধরনের ছাড় না দিয়ে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, অপরাধীর ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না; অপরাধীর পরিচয় শুধু অপরাধী হিসেবেই।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন আইজিপি।
সভায় কিশোর অপরাধীদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রাখার কথা জানিয়ে মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আইজিপি। এ সময় পূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান। তিনি কিশোর গ্যাংয়ের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং এসব অপরাধী চক্রের পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তি রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আইজিপি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পুলিশ ইউনিটকে নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা তৈরি করতে হবে। দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডি-ওয়ার্ন ক্যামেরা যথাযথভাবে ব্যবহারের নির্দেশনাও দেন তিনি।
সভায় দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা, গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত কার্যক্রম, বিচার অগ্রগতি এবং সাজার হারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী, দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই: আইজিপি
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬
২ সপ্তাহ আগে
শেয়ার করুন:

বাংলাদেশ
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




