প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কিছুসংখ্যক ব্যক্তি রাস্তায় ও রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এ ধরনের বিশৃঙ্খলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদের জনগণ সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার পর এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সরকার বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে আগামীতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেজন্য আমরা জনগণের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করছি। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে।”

উপস্থিত জনতার উদ্দেশে তারেক রহমান বলেন, “এখানে আপনারা হাজার হাজার মানুষ সমর্থন দিয়ে বলেছেন যে এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের মানুষ উপকৃত হবে। তাই আপনাদের বলতে চাই, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা যে দলের ওপর আস্থা রেখেছেন, সেই আস্থা ধরে রাখুন। বিএনপি আপনাদের সঙ্গে ছিল, বিএনপি বাংলাদেশের জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।”

বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এসব পদক্ষেপ বর্তমান সংকট তৈরিতে ভূমিকা রেখেছে।

তিনি জানান, আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে। সেখানে আগামী ১০ বছরে দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের পরিকল্পনা তুলে ধরা হবে।

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “কিছুসংখ্যক ব্যক্তি রাস্তায়, রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। রাজপথে যদি বিশৃঙ্খলা তৈরি হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। তাদের ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি ও জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু উপকৃত হয় সেই সকল বিশৃঙ্খলাকারী।”

তিনি বলেন, “আজকে সবাই প্রতিজ্ঞা করি যে দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদেরকে জনগণ সকল শক্তি দিয়ে প্রতিরোধ করবে।”

দেশের মানুষ শান্তি ও আইনের শাসন চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, মানুষ কর্মসংস্থান, সন্তানদের শিক্ষা এবং পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যব্যবস্থা চায়। এসব লক্ষ্য অর্জনে ধৈর্য ধরার পাশাপাশি যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

এর আগে পাকুন্দিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। পরে তিনি অনুষ্ঠানস্থলের মঞ্চে উঠলে উপস্থিত নেতাকর্মীরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান।