বৈশ্বিক সংকট মোকাবিলায় মানুষকে সমস্যার অংশ হিসেবে নয়, বরং সমাধানের অন্যতম শক্তি হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।

তিনি বলেছেন, নতুন নতুন সমাধান উদ্ভাবনের মূল উৎস হচ্ছে মানুষ। তাই তাদের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় প্রযুক্তি, দক্ষতা ও সুযোগ নিশ্চিত করা জরুরি।

অধিবেশনের উদ্বোধনী দিনের সাইডলাইনে আয়োজিত ‘সামাজিক ব্যবসা, যুবসমাজ ও প্রযুক্তি’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, বর্তমান বিশ্বের বিভিন্ন সংকট মোকাবিলায় শুধু তাৎক্ষণিক উদ্যোগ নিলে চলবে না। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কাঠামোগত পরিবর্তন।

তিনি বলেন, বৈশ্বিক উন্নয়নে যুবসমাজকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখতে হবে। তরুণদের শুধু অংশগ্রহণকারী হিসেবে সীমাবদ্ধ না রেখে পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার সুযোগ দিতে হবে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, প্রযুক্তির সঠিক প্রয়োগ এসডিজি বাস্তবায়নের গতি বাড়ানোর পাশাপাশি উন্নয়ন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে পারে।

জাতিসংঘের নির্ধারিত ২০৩০ সালের এসডিজি অর্জনের সময়সীমার কথা উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, লক্ষ্য পূরণের জন্য হাতে আর মাত্র চার বছর রয়েছে। এই স্বল্প সময়ে কাঙ্ক্ষিত বৈশ্বিক লক্ষ্য অর্জনে সাধারণ মানুষকে প্রযুক্তি, সময়োপযোগী দক্ষতা ও প্রয়োজনীয় সুযোগ দিয়ে প্রস্তুত করতে হবে।

তিনি আরও বলেন, মানুষকে যদি প্রয়োজনীয় সক্ষমতা ও উপযুক্ত পরিবেশ দেওয়া যায়, তাহলে তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধানে কার্যকর ও উদ্ভাবনী উদ্যোগ নিতে পারবে।