তুরস্ক সরকারের সঙ্গে মক্কা চুক্তি, বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
রোববার (১১ অক্টোবর) সকালে তুরস্ক সফর ও সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। 
জামায়াত আমির বলেন, তুরস্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার অন্যতম লক্ষ্য ছিল বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরা। সফরের সময় তুরস্ক সরকারের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের শিক্ষা খাত, তৈরি পোশাকশিল্প ও মক্কা চুক্তির বিষয়টি গুরুত্ব পেয়েছে।
বিশ্বের চলমান অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান বিশ্ব অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। কোনো ধরনের হামলা বিশ্বের জন্য মঙ্গলজনক হতে পারে না। সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমেই বিশ্বে শান্তি ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এর আগে গত ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ যোগ দিতে দেশটিতে যান জামায়াত আমির।
ওই সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।