রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গুলির সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। তিনি তখন বিশাল মার্কেটের তৃতীয় তলায় নিজের কার্যালয়ে অবস্থান করছিলেন।
দুর্বৃত্তের ছোড়া গুলিতে গাড়িটির পেছনের ডান পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ আহত হননি।
গুলির শব্দ শুনে আসিফ আকবর দ্রুত নিচে নেমে আসেন। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে ঘটনাটি জানান তিনি।
এদিকে আসিফ আকবরের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার এক বিবৃতিতে আসিফ আকবরের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার এবং মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, রাজধানীর মগবাজারে একজন জনপ্রিয় সংগীতশিল্পীর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।
এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকি বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।





