ফেনীতে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নদী খনন, বাঁধ সংস্কার ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ প্রকল্পের ফলক উন্মোচন করেন তিনি।
ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী সেখানে বৃক্ষরোপণ করেন। পরে খালখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
প্রতিবছর উজানের পাহাড়ি ঢল ও বন্যার পানিতে ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিনের এ সমস্যা মোকাবিলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, প্রকল্পের আওতায় প্রায় ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ সংস্কার এবং নদীতীর সংরক্ষণ ও সেচ অবকাঠামো সংস্কারের কাজ করা হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীসংলগ্ন এলাকায় বন্যা ও ভাঙনের ক্ষয়ক্ষতি কমবে বলে জানান কর্মকর্তারা।
একদিনের সফরে ফেনীতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি, ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোর ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন এবং বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান অনুষ্ঠান।
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার নদী খনন ও বাঁধ সংস্কার প্রকল্প উদ্বোধন
জেলা প্রতিনিধি
১ অক্টোবর, ২০২৬
২ সপ্তাহ আগে
শেয়ার করুন:

সারাদেশ
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




