এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে সারা দেশে টানা দুই দিন সব এলপি গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) এ কর্মসূচি পালন করবেন ব্যবসায়ীরা।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।
তিনি জানান, ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচি অনুযায়ী, ১৫ ও ১৬ অক্টোবর দেশের সব এলপি গ্যাসের দোকান বন্ধ রাখা হবে।
এদিকে চলতি মাসের ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে সরকার নির্ধারিত মূল্যে বাজারে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে দুই দিনের দোকান বন্ধের কর্মসূচি ঘোষণা করল এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি।