রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অন্তত তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। পাশাপাশি পুলিশের একটি গাড়ি ও উচ্ছেদ কাজে ব্যবহৃত একটি ভেকু ভাঙচুর করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিব হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, ফুটপাত দখলমুক্ত করতে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান চলার সময় প্রথমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে হকার ও ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে বিক্ষুব্ধদের একটি অংশ সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন দেয়। এ ছাড়া পুলিশের একটি গাড়ি ও উচ্ছেদ অভিযানে ব্যবহৃত ভেকুতে ভাঙচুর চালানো হয়।
ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে যাওয়া কয়েকজন সংবাদকর্মীর সঙ্গেও হকারদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের গাড়ি ভাঙচুর এবং কয়েকজন গণমাধ্যমকর্মীকে হেনস্তার অভিযোগ পাওয়া গেছে।
দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর আইডিয়াল কলেজের সামনে ফুটপাতের ব্যবসায়ীদের একটি দলকে অবস্থান করতে দেখা যায়। অন্যদিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় অবস্থান নেয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে ফুটপাতের ব্যবসায়ীরা পাল্টা ইটপাটকেল ছোড়েন। এতে নাসির উদ্দীন নামে এক পথচারী আহত হন।

 

7f1e80c42de34838a00298908ae56d64


আহত নাসির উদ্দীন বলেন, তিনি বিআরটিএর কাজ শেষে গোলচত্বর দিয়ে যাওয়ার সময় ফুটপাতের ব্যবসায়ীদের ছোড়া ইট ও হেলমেটের আঘাতে মাথায় আঘাত পান। পরে কয়েকজন তাকে একটি ফার্মেসিতে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে ফুটপাতের ব্যবসায়ীদের সংখ্যা পুলিশের তুলনায় বেশি ছিল। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপের মুখে পুলিশ সদস্যদের কিছুটা পিছু হটতে দেখা যায়।