জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় মালয়েশিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ফায়েজ বিন মোহাম্মদ মোখতার এবং হাজওয়ান বিন হাসনল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে মালয়েশিয়ার হাইকমিশনার জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন। এ ছাড়া বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সম্ভাব্য সহযোগিতা এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যু নিয়েও আলোচনা হয়।

মতবিনিময়কালে দুই দেশের উন্নয়ন, পারস্পরিক স্বার্থ ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় উঠে আসে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।