অর্থের সংকটে দেশের কোনো মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী অক্টোবরে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যাতে উন্নত চিকিৎসার জন্য মানুষকে বিদেশে যেতে না হয়।

এর আগে সকাল ১০টায় নবনির্মিত ভবনের উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে মোনাজাতে অংশ নেওয়ার পাশাপাশি বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন ভবনে ৫০০ শয্যা যুক্ত হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা এখন এক হাজারে পৌঁছেছে। এতে দেশে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার সুযোগ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তাদের দাবি, শয্যাসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।

প্রতিষ্ঠানটিতে ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যার হাসপাতাল চালু করা হয়। পরে রোগীর সংখ্যা বাড়তে থাকায় আরও ২০০ শয্যা যোগ করা হয়। এবার নতুন ১৫ তলা ভবন চালুর মাধ্যমে আরও ৫০০ শয্যা যুক্ত হলো।