প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তার ভাষ্য, এখনো এ সফরের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন। তবে ভারত সফরের বিষয়ে বাংলাদেশ ইতিবাচক। ব্রিকস সম্মেলনের এখনো প্রায় এক মাস বাকি রয়েছে এবং এর মধ্যে পরিস্থিতিতে অনেক পরিবর্তন আসতে পারে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি। তারপরও দুই দেশের প্রধানমন্ত্রী মুখোমুখি আলোচনায় বসলে বিভিন্ন সমস্যার সমাধানের পথ তৈরি হতে পারে।

তার মতে, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি সুযোগ সৃষ্টি হয়েছে। ভারত সেই সুযোগ কতটা কাজে লাগাবে, সেটি তাদের বিবেচনার বিষয়।

এ সময় সিঙ্গাপুরে বাংলাদেশি জনশক্তি রপ্তানি নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। তিনি জানান, জনশক্তি রপ্তানি বাড়াতে সরকারি পর্যায়ে সফল বৈঠক হয়েছে। এ ছাড়া সিঙ্গাপুরে রপ্তানি সম্প্রসারণ নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

সফরকালে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের একটি প্রকল্পও পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী জাপান সফর করবেন।

বর্তমান সরকারের ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমকে সফল বলেও মন্তব্য করেন শামা ওবায়েদ। তিনি বলেন, কূটনৈতিক কার্যক্রমের বিভিন্ন ধাপ সফল করতে মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে।

ট্যাগ: তারেক রহমান, শামা ওবায়েদ, ভারত সফর, বাংলাদেশ-ভারত সম্পর্ক, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাপান, সিঙ্গাপুর