ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ভারত, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন।

ভারতের ২০২৬ সালের ব্রিকস সভাপতিত্বের অধীনে আয়োজিত এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি’।

বৈশ্বিক অস্থিরতা, মধ্যপ্রাচ্য ও কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাত এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই সম্মেলনে বৈশ্বিক শাসনব্যবস্থা, বহুপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে অংশ নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

এ ছাড়া ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী ও আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সম্মেলনে অংশ নেবেন। ব্রাজিলের পক্ষে অংশ নেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা এবং সৌদি আরবের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

সম্মেলনের প্রথম অধিবেশনের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘ইনক্লুসিভ গ্লোবাল গভর্নেন্স অ্যান্ড স্ট্রেন্থেনিং মাল্টিলাটারালিজম’। এরপর নেতারা ভারত মণ্ডপমে ‘ভারত ইনোভেটস’ প্রদর্শনী পরিদর্শন করবেন। দিনের কর্মসূচি শেষে যৌথ বৃক্ষরোপণ কর্মসূচি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া নৈশভোজ অনুষ্ঠিত হবে।

সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এদিকে সম্মেলন ঘিরে নয়াদিল্লিতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ এলাকা ও ভিভিআইপি রুটে বাড়ানো হয়েছে নজরদারি। বিশ্বনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চপ্রযুক্তির কন্ট্রোল রুম স্থাপন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতেই নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ অন্যান্য দেশের নেতারাও সম্মেলনে অংশ নিচ্ছেন।

উদীয়মান অর্থনীতির দেশগুলোর সহযোগিতা এবং গ্লোবাল সাউথের স্বার্থ তুলে ধরার ক্ষেত্রে ব্রিকস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।