চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে। এ সময়ে ব্যাংক খাত থেকে সরকার ১৬ হাজার ৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে সরকারের বাণিজ্যিক ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ ছিল ৩ হাজার ২৫৬ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে দুই মাসে সরকারের ব্যাংক ঋণ বেড়েছে ৪১০ শতাংশ।
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিলেও কেন্দ্রীয় ব্যাংককে ৩ হাজার ৭২৮ কোটি টাকা পরিশোধ করেছে। ফলে এ সময়ে ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে ১২ হাজার ৮৭২ কোটি টাকা।
অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণ ছিল ৭ হাজার ৪৮৬ কোটি টাকা ঋণাত্মক।
সংশ্লিষ্টরা বলছেন, রাজস্ব আদায় প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় পরিচালন ও উন্নয়ন ব্যয় মেটাতে সরকারকে ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে। তাদের মতে, বেসরকারি খাতের চাপ, গ্যাস-বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন কারণে অর্থনৈতিক কার্যক্রমে প্রভাব পড়েছে।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আদায় ২০ শতাংশ কমেছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার ব্যাংকিং ব্যবস্থা থেকে মোট ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সে হিসাবে প্রথম দুই মাসেই লক্ষ্যমাত্রার ১১ দশমিক ৪৯ শতাংশ ঋণ নেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য নির্ধারিত প্রায় সাত লাখ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়। অতীতের কোনো সময়ই এনবিআর এ ধরনের লক্ষ্যমাত্রার কাছাকাছি যেতে পারেনি বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সরকারের ব্যয়ের চাপ বাড়ছে। রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে না বাড়লে ভবিষ্যতে বাজেট ঘাটতি বাড়তে পারে এবং এর ফলে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেওয়ার চাহিদাও বাড়তে পারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৩০ আগস্ট শেষে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬ লাখ ৮ হাজার ২৫ কোটি টাকা। গত জুন শেষে এই পরিমাণ ছিল ৫ লাখ ৯১ হাজার ৪২৪ কোটি টাকা।
অন্যদিকে, কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণের স্থিতি কমে দাঁড়িয়েছে ৯০ হাজার ৩২২ কোটি টাকা। গত জুনে এর পরিমাণ ছিল ৯৪ হাজার ৫১ কোটি টাকা।
অর্থবছরের প্রথম দুই মাসে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ ১৬ হাজার ৬০১ কোটি টাকা
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬
২ সপ্তাহ আগে
শেয়ার করুন:

অর্থনীতি
বিষয়:বাংলাদেশ ব্যাংক
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




