বাংলাদেশে আল কায়েদার সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে ‘অনুমাননির্ভর’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সরকার এ প্রতিবেদন আমলে নিচ্ছে না।

সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয় জনগণ বলবে। আমরা বলব, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পেরেছি। তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে আরও সময় লাগবে। আমাদের মাত্র ছয় মাস পার হয়েছে। এর মধ্যে আমরা অনেক সংস্কারকাজ করেছি।’

সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এরপর দেশে জঙ্গিবাদের বিষয়টি আবারও আলোচনায় আসে। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা নেই।

জাতিসংঘের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশে স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে আল কায়েদা। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একিউআইএস একটি খণ্ডিত গোষ্ঠী থেকে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত হচ্ছে। বড় ইউনিটের পরিবর্তে তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ছোট ছোট সেলের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি সংগঠনটি শক্তিশালী লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।