জীবনকালীন ভোগাধিকার রেখে সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ সংসদে দ্রুত পাস করায় উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে তিনি বলেন, বৃদ্ধ মা-বাবার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন হলেও এমন কোনো বিধান করা যাবে না, যা হেবা (দান), অসিয়ত ও ফারায়েজের শরয়ি বিধানকে পাশ কাটানোর সুযোগ তৈরি করে।

মামুনুল হক বলেন, ইসলামে হেবা শুধু কাগজে সম্পত্তি লিখে দেওয়ার বিষয় নয়; এর নিজস্ব কাঠামো রয়েছে। নতুন আইনে দাতার জীবদ্দশা পর্যন্ত সম্পত্তির ভোগ ও ব্যবহার তার কাছে রাখার বিধান থাকায় প্রকৃত মালিকানা হস্তান্তর ও কবজ নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নতুন বিধানের মাধ্যমে যেন কোনো ওয়ারিশকে শরিয়াহ নির্ধারিত অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ সৃষ্টি না হয়।

শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত নিয়ে ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল’-এর ১২২এ ও ১২২বি ধারা পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনের দাবি জানান তিনি।