রাজধানীর লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে লালবাগ থানাধীন শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পাশের কক্ষের এক ভাড়াটিয়া আনোয়ার হোসেনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে লালবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে প্রাথমিক আইনগত কার্যক্রম শুরু করে। এ সময় সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।

নিহত আনোয়ার হোসেন ঢাকার জজ কোর্টের একজন আইনজীবী ছিলেন। ঢাকা বার অ্যাসোসিয়েশন অ্যানেক্স ভবনের প্রথম তলার ২১৪ নম্বর কক্ষে তার চেম্বার রয়েছে। তিনি ওই বাসায় একাই থাকতেন বলে জানিয়েছে পুলিশ। তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে বসবাস করেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন বলেন, আনোয়ার হোসেন জজ কোর্টের অ্যাডভোকেট ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। মরদেহটি দুই থেকে তিন দিন আগের বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিহতের ড্রাইভিং লাইসেন্স পুলিশের কাছে রয়েছে। এর তথ্য যাচাই করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত ও অন্যান্য তথ্যও বিশ্লেষণ করা হচ্ছে।