যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাংলাদেশের কেনা মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গমের মধ্যে এই পরিমাণ ইতোমধ্যে দেশে এসেছে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

বুধবার (২১ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে মার্কিন দূতাবাস জানায়, সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম কিনেছে। এর মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন উচ্চমানের ও পুষ্টিগুণসমৃদ্ধ গম ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, আমদানির মোট পরিমাণের একটি বড় অংশ দেশে পৌঁছালেও বাকি প্রায় ৪৫ হাজার মেট্রিক টন গম এখনো আসা বাকি রয়েছে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা রাখবে।

পাশাপাশি এ ধরনের খাদ্যপণ্য আমদানির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে বলেও উল্লেখ করেছে দূতাবাস।

ফেসবুক পোস্টে দুই দেশের বাণিজ্যিক অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরে দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের উচ্চমানের গম বাংলাদেশের খাদ্য চাহিদা পূরণে অবদান রাখছে।

তবে অবশিষ্ট গম কবে নাগাদ দেশে পৌঁছাবে, সে বিষয়ে দূতাবাসের পোস্টে বিস্তারিত কিছু জানানো হয়নি।