সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণা চালানোর অভিযোগে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)।
রোববার (১১ অক্টোবর) রাতে রাজধানীর পল্লবী ও বনানী থানাধীন ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে পল্লবী থানা এলাকা থেকে কাজী গুলশান আরা এবং বনানী থানাধীন ডিওএইচএস এলাকা থেকে দেবাশীষকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সহযোগীদের সঙ্গে মিলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা এবং উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি অবৈধ অর্থায়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
এ ছাড়া ‘ইউনিটি কেয়ার পাবলিক পার্লামেন্ট’ নামের একটি প্ল্যাটফর্ম এবং ‘কালআজকাল ডটকম’ নামের একটি পেজ ব্যবহার করে বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
মো. আকতার হোসেন আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গ্রেপ্তার দুই ব্যক্তি তাদের সহযোগীদের সঙ্গে নিয়ে সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ষড়যন্ত্র ও উসকানিমূলক প্রচারণার অভিযোগে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
১২ অক্টোবর, ২০২৬
১ সপ্তাহ আগে
শেয়ার করুন:

জাতীয়
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




