ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (৪ অক্টোবর) অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
আদালত সূত্রে জানা যায়, আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে এজলাসের ভেতরে ও বাইরে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে কয়েক দফা উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।
এর আগে এক দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। দুপুর ২টার পর তাকে এজলাসে তোলা হলে সেখানে অবস্থান করা নিয়ে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে হাতাহাতির ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিচারক এজলাস ত্যাগ করেন। পরে পরিস্থিতি শান্ত হলে আবার আখতারুজ্জামানের জামিন শুনানি শুরু হয়।
শুনানিতে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।