জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ১১৮ কোটি ৩৩ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ২৫২ কোটি ৯৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৮২ কোটি ২৮ লাখ টাকা।
সভায় অনুমোদন পাওয়া ১৩টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৮টি, সংশোধিত প্রকল্প ৩টি এবং মেয়াদ বৃদ্ধির প্রকল্প ২টি।
একনেক সভায় স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ‘ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট এগেইনস্ট টিবি, এইচআইভি/এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ’ এবং ‘পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন (১ম সংশোধিত)’ প্রকল্প।
এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২ (এফএসএসপি-২)’, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্র উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প, পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি নদী ব্যবস্থাপনা ও ভাঙন প্রতিরোধ প্রকল্প অনুমোদন পেয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা স্থাপন প্রকল্প, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের রংপুর বিভাগের উপজেলা ও ইউনিয়ন সড়ক উন্নয়ন প্রকল্প এবং মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ীর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প (১ম পর্যায়, ৩য় সংশোধন), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের র্যাব (এসআরবি)-এর কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ফেনীর সোনাগাজীতে সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ এবং তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প।
সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৫টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়।
এসব প্রকল্পের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপন, বিদ্যুৎ কেন্দ্র উন্নয়ন, কৃষি ও পানি ব্যবস্থাপনা, নদী সংরক্ষণ, নগর অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ ও সড়ক উন্নয়নসহ বিভিন্ন খাতের প্রকল্প।
সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





