কুষ্টিয়ায় শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে শেখ হাসিনার পক্ষে এবং জুলাই আন্দোলনের বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। ভিডিওতে ‘ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে—বাংলাদেশ হাসবে’ এবং ‘জয় বাংলা—জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

ভিডিওতে একজনকে দাবি করতে শোনা যায়, ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। একই সঙ্গে জুলাই আন্দোলনকে প্রত্যাখ্যান এবং শেখ হাসিনাকে ডিসেম্বরে দেশে ফিরিয়ে আনার কথাও বলা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন ঘটনাটিকে পরিকল্পিত বলে দাবি করেছেন। তার ভাষ্য, এ ধরনের ঘটনা ঘটতে পারে—এমন তথ্য তারা আগেই পেয়েছিলেন এবং বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ কর্মকর্তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।