গণতন্ত্রের মূল শক্তি গণমাধ্যম উল্লেখ করে গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকেও সুরক্ষিত রাখতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, গণমাধ্যমকে সঠিক পথে থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসনের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির ১২ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, প্রেস ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, এটি দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক। কঠিন সময়ে পাশে থাকার জন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রপতি সাংবাদিকদের কল্যাণে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, তাঁর অবস্থান থেকে যতটুকু সম্ভব, তিনি তা করার চেষ্টা করবেন।
তিনি বন্ধ হয়ে যাওয়া পত্রিকা পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি বলেন, বন্ধ থাকা পত্রিকা, বিশেষ করে ট্রাস্টের অধীনে থাকা পত্রিকাগুলো চালু করা গেলে অন্তত ১ হাজার সাংবাদিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।
সাংবাদিক সমাজের ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিভক্তি কখনো সাফল্য এনে দেয় না। মৌলিক বিষয়গুলোতে ঐক্য থাকলে সরকার ও বিরোধী দলের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলা সম্ভব।
রাষ্ট্রপতি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনিয়ম ও গণহারে সাংবাদিক ছাঁটাইয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
গণতন্ত্র প্রতিষ্ঠায় মন-মানসিকতার পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র একটি সংস্কৃতি, এটিকে প্রতিষ্ঠানে রূপ দিতে হবে। পুরোনো কর্তৃত্ববাদী চিন্তা থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করতে হবে।
তিনি গণমাধ্যমকে সরকারের যৌক্তিক ও গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ভালো কাজগুলোও তুলে ধরার আহ্বান জানান।
এ সময় রাষ্ট্রপতি বলেন, জনগণের নির্বাচিত সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকটের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।
জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্যের কথা স্মরণ করে রাষ্ট্রপতি এই প্রতিষ্ঠানের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন।
সাক্ষাৎকালে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকদের কল্যাণ, প্রেস ক্লাবের অবকাঠামো উন্নয়ন এবং দশম ওয়েজবোর্ড বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন।





