জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানী তেহরান ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আন্তর্জাতিক মঞ্চে ইরান নিজের অধিকার ও অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ এবং হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রসঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, চাপ প্রয়োগ বা শক্তি ব্যবহার করে কোনো স্বাধীন জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয়।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে তার এই বক্তব্য তুলে ধরা হয়েছে।

এদিকে, প্রেসিডেন্টের সফরের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতোমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন। সোমবার তিনি সেখানে যান এবং জাতিসংঘে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।