জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) গ্রেপ্তারের দাবিতে রাজধানীর উত্তরায় তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল বিক্ষোভকারী। জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ তুলে তাঁকে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
‘স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকেরা অংশ নেন।
বিক্ষোভকারীরা জিএম কাদেরের উত্তরার বাসভবনের সামনের সড়কে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁরা জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগের বিচার দাবি করেন।
কর্মসূচিতে ব্যবহৃত ব্যানারে জিএম কাদেরকে কারাবন্দি অবস্থায় দেখানো একটি প্রতিকৃতি ছিল। সেখানে লেখা ছিল, ‘জুলাইয়ের শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সঙ্গে যোগাযোগ; জিএম কাদেরের গ্রেপ্তার চাই’। পাশাপাশি ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগানও দেওয়া হয়।
বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বহু মানুষের প্রাণহানির পর রাজনৈতিক পরিবর্তন এলেও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।
তাঁদের দাবি, অতীতের তিনটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় পার্টি তৎকালীন সরকারকে রাজনৈতিক বৈধতা দিতে ভূমিকা রেখেছিল।
বিক্ষোভকারীরা আরও বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর ক্ষমতাচ্যুত সরকারের সহযোগী হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত নয়।
কর্মসূচি থেকে জিএম কাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।