রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের পর এবার ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে সরকার।

আগামী অক্টোবর মাসেই এ বিষয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি জানান, জাতীয় পতাকাবাহী বিমানকে আধুনিকায়ন, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং বাংলাদেশকে আঞ্চলিক যাত্রী ও কার্গো হাব হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনার বিষয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে চলতি বছরের ৩০ এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার বিষয়ে একটি চুক্তির কথা জানানো হয়।

পরে গত সপ্তাহে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করেছে সরকার। সর্বশেষ ২৩ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি করে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বিমানের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিমান বাংলাদেশের আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি, যাত্রীসেবা উন্নয়ন এবং কার্গো পরিবহন সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন উড়োজাহাজ যুক্ত হলে বিমানের বহরের সক্ষমতা বাড়বে এবং নতুন আন্তর্জাতিক রুট চালুর সুযোগ তৈরি হতে পারে।