শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় অভিযুক্ত মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হয়েছে।

বুধবার সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেলে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২৩ জুলাই শুনানি শেষে মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দেওয়া হয়। পাশাপাশি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বুধবার দিন ধার্য করা হয়েছিল।

ট্রাইব্যুনালের অনুমতির পর তদন্ত সংস্থা মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করে। গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুই দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এর আগে ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মোজাফফর হোসেনকে ২৩ জুলাই আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। ওই সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শুনানিতে তিনি জানিয়েছিলেন, জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে সেনা হেফাজতে থাকা মোজাফফর হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ কারণে তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়। পরে ট্রাইব্যুনাল আবেদন গ্রহণ করে তাকে হাজিরের নির্দেশ দেন।

প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জিয়াউর রহমান হত্যা মামলায় মোজাফফর হোসেনের বিরুদ্ধে সামরিক আইনে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।