চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে ‘পুশ ইন’ করার চেষ্টা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চালিয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয় এবং পরে তিনজনকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়।
শনিবার গভীর রাতে উপজেলার উথলী ইউনিয়নের মাধবখালী সীমান্তে এ ঘটনা ঘটে। রোববার সকালে ওই তিনজনকে বিএসএফ সদস্যরা ভারতে ফিরিয়ে নেন বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ৩টা ২০ মিনিটের দিকে বিএসএফের ৩২ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা মাধবখালী সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন।
এ সময় মাধবখালী বিওপির বিজিবি টহলদল শূন্যরেখায় তাদের বাধা দেয়। বিজিবির অবস্থানের কারণে ওই তিনজনকে পরে শূন্যরেখা থেকে প্রায় ৪০ গজ ভারতের ভেতরে নিয়ে যাওয়া হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোর ৫টা ২০ মিনিটে তারা ভারতীয় কাঁটাতারের কাছে ফিরে যান। পরে সকাল ৮টার দিকে সীমান্ত পিলার ৬৮/৫-এস বরাবর ফটক খুলে বিএসএফের মেতেরী ক্যাম্পের সদস্যরা তাদের ভারতে ফিরিয়ে নেন।
বিজিবির দাবি, তাদের তাৎক্ষণিক তৎপরতায় ‘পুশ ইন’-এর চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। এ বিষয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলেও জানানো হয়।





