রাজধানীর নিউমার্কেটে খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রনি ওরফে ভাঙ্গারি রনিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিবির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় ডিবির রমনা জোনাল টিম। অভিযানে রনি ওরফে ভাঙ্গারি রনিকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়।

ডিবির দাবি, গ্রেপ্তার রনি নিউমার্কেটের টিটন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

উপ-পুলিশ কমিশনার রেজাউল করিম আরও জানান, গ্রেপ্তারের সময় অস্ত্র উদ্ধারের ঘটনায় রনির বিরুদ্ধে পৃথক একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।