জনপ্রতিনিধিদের যথাযথ গুরুত্ব না দেওয়া এবং প্রশাসনিক বিভিন্ন কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আপনারা এমপিদের পাত্তা দিচ্ছেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন, নাকি মঙ্গলগ্রহ থেকে এসেছেন? আমাদের এ দেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে।’
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রংপুর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
সভায় সরকারি বিভিন্ন কমিটিতে সংসদ সদস্যদের প্রতিনিধি অন্তর্ভুক্ত না করা এবং সার ডিলার নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলেন জামায়াতের এই সংসদ সদস্য। একই সঙ্গে জনগণের স্বার্থ উপেক্ষা করা হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।
মাহবুবুর রহমান বেলাল বলেন, জনগণের ন্যায্য দাবি ও অধিকার তুলে ধরা নির্বাচিত জনপ্রতিনিধিদের অন্যতম প্রধান দায়িত্ব। প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতিনিধিদের যথাযথ সম্মান ও গুরুত্ব দেওয়া না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে হতে পারে।
সার ডিলার নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগও করেন তিনি। তার দাবি, দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে বিশেষ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে একই পরিবারের একাধিক সদস্যকে ডিলারশিপ দেওয়া হয়েছে।
এ ধরনের অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগের কারণে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও সাধারণ মানুষের কাছে জবাবদিহির মুখে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেন সংসদ সদস্য।
এদিকে বেলালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সভার সভাপতি ও রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটি জেলার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। এ ধরনের গুরুত্বপূর্ণ সভায় সরকারি কর্মকর্তা ও অন্য অংশগ্রহণকারীদের পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে আলোচনা করা প্রয়োজন।
সভায় বক্তব্য দেওয়ার সময় শব্দচয়নে আরও সংযত, সতর্ক ও দায়িত্বশীল হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।