রাজধানীর গ্রিন রোড ও সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আইডিয়াল কলেজের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই কলেজের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে রাস্তায় অবস্থান নেয় এবং একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে আইডিয়াল কলেজের সামনের সড়কসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের কারণে গ্রিন রোড ও সায়েন্স ল্যাব এলাকার যান চলাচল ব্যাহত হয়। সৃষ্টি হয় তীব্র যানজট। আতঙ্কিত হয়ে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা নিরাপদ স্থানে সরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আশপাশের অনেক দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে।
পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় বা বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিষয়টি সমাধানে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।