দলের নাম ও পরিচয় ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, দলীয় শৃঙ্খলা বজায় রাখাই এখন বিএনপির অন্যতম প্রধান দায়িত্ব।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপির নাম ব্যবহার করে কোনো ধরনের অনিয়ম বা অপকর্মের সুযোগ নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়-এমন কর্মকাণ্ডে কেউ জড়ালে সাংগঠনিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বর্তমান সরকারের কার্যক্রম প্রসঙ্গে তিনি দাবি করেন, ক্ষমতায় আসার পর বিএনপি সরকার জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে। সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে মানুষের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের জনপ্রিয়তাও বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, ‘ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। দল ও জনগণের জন্যও কাজ করছে। জনগণের মাঝে তারেক রহমান সরকারের জনপ্রিয়তা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে।’
বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, নানা বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করেই দলটি রাজনৈতিক ও সাংগঠনিকভাবে এগিয়ে যাচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রুহুল কবির রিজভী জানান, দলীয় প্রার্থী বাছাইয়ে স্থানীয় নেতাদের মতামত ও সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় পর্যায়ের রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই প্রার্থী নির্ধারণ করা হবে বলে ইঙ্গিত দেন তিনি।
দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বিএনপি-সমর্থিত প্রার্থীদের ভালো করার সুযোগ রয়েছে বলেও আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।





