নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে বড় ধরনের ঝুঁকির মুখে পড়েও অল্পের জন্য বিপদ এড়িয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। ‘শিকার’ সিনেমার শুটিং শেষে পুরো টিম নিরাপদে দেশে ফিরেছে।

শুক্রবার ঢাকায় ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেপালে কাটানো আতঙ্কের অভিজ্ঞতা তুলে ধরেন অপু বিশ্বাস।

অভিনেত্রী জানান, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই থেকে তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটে। অথচ পরদিন ২৭ আগস্ট ওই একই সড়ক দিয়ে তাদের কাঠমান্ডুতে ফেরার পরিকল্পনা ছিল।

অপু বিশ্বাস বলেন, মাত্র এক দিনের ব্যবধানে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে তাদের শুটিং ইউনিট। দুর্যোগের পর যে সড়ক দিয়ে তাদের ফেরার কথা ছিল, সেটি কয়েক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি জানান, নেপালের পরিস্থিতি বিবেচনা করে সেখানে শুটিং চালিয়ে যাওয়া ঠিক মনে হয়নি। বিশেষ করে স্থানীয় মানুষ যখন ভয়াবহ দুর্যোগের মধ্যে রয়েছেন, তখন সেখানে গানের দৃশ্য ধারণ করা মানবিক ও সংবেদনশীলতার দিক থেকে অস্বস্তিকর হতে পারে।

পরে পুরো শুটিং টিমের সঙ্গে আলোচনা করে কাজ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর নিরাপদে দেশে ফিরে আসেন অপু বিশ্বাস ও তার সহকর্মীরা।

‘শিকার’ সিনেমার শুটিংয়ের জন্য কয়েক দিন ধরে নেপালে অবস্থান করছিলেন অপু বিশ্বাস ও তার সহশিল্পীরা। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন কলকাতার অভিনেতা খরাজ মুখার্জি।

নেপালে বন্যা ও ভূমিধসে হতাহত এবং নিখোঁজের খবর প্রকাশের পর থেকেই অপু বিশ্বাসসহ সিনেমাটির পুরো টিমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভক্তরা।

এর আগে কলকাতায় ফিরে খরাজ মুখার্জিও জানিয়েছিলেন, তারা নিরাপদে ছিলেন। এবার ঢাকায় ফিরে অপু বিশ্বাসও নেপালের দুর্যোগপূর্ণ পরিস্থিতি এবং সেখান থেকে নিরাপদে ফিরে আসার অভিজ্ঞতা জানালেন।