কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে আজিবর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর এলাকার দোনালার মাথা সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে। আটক আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার মধ্যরাতে কয়েকজন ব্যক্তি সীমান্ত পিলার ৯৮৮-এর কাছ দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তারা বিএসএফ সদস্যদের সামনে পড়েন। অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে পারলেও আজিবর রহমান বিএসএফের হাতে আটক হন।
২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, একজন বাংলাদেশি নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাকে আটক করে।
তিনি আরও জানান, আটক আজিবর রহমানকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।





