রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, মধ্যরাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তার দাবি, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে পরে প্রতিষ্ঠানটি গুঁড়িয়ে দেয়।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক। রাতের আঁধারে প্রতিষ্ঠানটি ধ্বংস করে সেখানে একটি রহস্যজনক সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জামায়াতের আমির প্রশ্ন তুলে বলেন, এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী ছিল। তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা প্রয়োজন।
তিনি আরও বলেন, সরকার একদিকে জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা বলছে, অন্যদিকে এমন ঘটনা ঘটছে।
ডা. শফিকুর রহমান বলেন, দুষ্কৃতিকারীদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।