ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা দীপকে বলেছেন, এবার পুরো দেশই যন্তর মন্তরে পরিণত হবে।
দিল্লি পুলিশের নতুন নির্দেশনা অনুযায়ী, যন্তর মন্তরের পরিবর্তে রাজধানীর তিনটি নির্ধারিত স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা যাবে। স্থানগুলো হলো রামলীলা ময়দান, বুরারি মাঠ এবং পূর্ব দিল্লির সিবিডি এলাকা।
পুলিশের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন সিজেপির প্রতিষ্ঠাতা দীপকে।
তিনি লেখেন, ‘যন্তর মন্তরে আর প্রতিবাদ করতে দেবে না ওরা। এটা এখন আর প্রতিবাদস্থল নয়। ভিতু একনায়কের কারণে তা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। এখন পুরো দেশ যন্তর মন্তর হবে।’
এদিকে যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি চেয়ে আবারও পুলিশের দ্বারস্থ হয়েছে ককরোচ জনতা পার্টি।
সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে দলটির তিন শীর্ষ নেতা দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় যান। সেখানে তাঁরা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি আয়োজনের জন্য পুলিশের কাছে অনুমতি চান।
এর আগে দলটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানিয়েছিলেন, পুলিশ বিক্ষোভের অনুমতি না দিলে নতুন করে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হবে।
যন্তর মন্তরে রাজনৈতিক কর্মসূচির অনুমতি বন্ধের সিদ্ধান্তের পর সিজেপির পক্ষ থেকে দেশব্যাপী প্রতিবাদের হুঁশিয়ারি দেওয়া হলো।
সূত্র: আনন্দবাজার অনলাইন