উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি যথাযথ সম্ভাব্যতা যাচাই নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে এমন উদ্যোগ নিতে হবে, যাতে সর্বাধিক সংখ্যক মানুষ এর সুফল পেতে পারেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) চিফ রিপ্রেজেনটেটিভ জুনকো তাকাহাশির সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে মন্ত্রণালয়ের অধীনে জাইকার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং ভবিষ্যতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে আবদুল মঈন খান বলেন, দেশের উন্নয়নে জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ জন্য তিনি জাইকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প গ্রহণ ও বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান।
উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের গুরুত্ব বোঝাতে মেট্রোরেলের উদাহরণ তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, মেট্রোরেল টঙ্গী কিংবা জয়দেবপুর পর্যন্ত সম্প্রসারণ করা গেলে আরও বেশি মানুষ এর সুবিধা পেতে পারতেন। তাই প্রকল্প গ্রহণের আগে সংশ্লিষ্ট এলাকার মানুষের প্রয়োজন এবং সম্ভাব্য সুফল যথাযথভাবে মূল্যায়ন করা জরুরি। হাওর অঞ্চলের উন্নয়ন প্রকল্পগুলোর ক্ষেত্রেও সম্ভাব্যতা যাচাইয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।
বৈঠকে জাইকার প্রতিনিধিরা জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সঙ্গে কমিউনিটি সেবা, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, আঞ্চলিক উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা ও হাওর অঞ্চলের উন্নয়নসহ বিভিন্ন খাতে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব খাতে ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দেন জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ জুনকো তাকাহাশি।
এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে বাস্তবায়নাধীন ‘Urban Development and City Governance Project (UDCGP)’ এবং ‘Southern Chattogram Regional Development Project (SCRDP)’-এর অগ্রগতি তুলে ধরা হয়। প্রকল্প দুটির কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্টদের দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন মন্ত্রী।
পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে দেশের সব উপজেলায় গ্রহণের পরিকল্পনায় থাকা ‘Upazila Governance and Development Project Phase-II (UGDP-II)’-এর কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরে আবদুল মঈন খান বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে হলে তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কার্যকর হলে জনগণের কাছে উন্নয়ন কর্মকাণ্ডের সুফল আরও ভালোভাবে পৌঁছানো সম্ভব হবে। এ ক্ষেত্রে জাইকার বাস্তবায়িত ও চলমান প্রকল্পগুলোর প্রশংসা করে সহযোগিতার পরিধি বাড়ানোর আহ্বান জানান তিনি।
উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে সমন্বয় জোরদার করতেও নির্দেশনা দেন মন্ত্রী। এ জন্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের কথা বলেন তিনি। কমিটি নতুন প্রকল্পের পরিকল্পনা এবং সংশ্লিষ্ট কার্যক্রমের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে কাজ করবে।
জনস্বার্থকে প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬
৬ দিন আগে
শেয়ার করুন:

জাতীয়
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




