আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি।
রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলের পক্ষে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবীর রিজভী নির্বাচন কমিশনে গিয়ে ফরম দুটি গ্রহণ করেন।
এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট সকাল ১০টা থেকে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। এরপর ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা প্রস্তুতের কাজও শেষ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।





