লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের দেশে প্রত্যাবাসন করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এসব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
প্রত্যাবাসিতরা ছিলেন লিবিয়ায় অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি নাগরিক, যারা স্বেচ্ছায় দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন। তারা বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে দেশে পৌঁছান।
জানা গেছে, ফেরত আসা বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা বিমানবন্দরে প্রত্যাবাসিত বাংলাদেশিদের স্বাগত জানান।
জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রত্যাবাসিতদের তাদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে শেয়ার করার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ ছাড়া আইওএমের পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেক বাংলাদেশিকে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে।





