ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ হিসেবে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সঙ্গে শেখ হাসিনার আচরণ ছিল লোক দেখানো।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের গণভবনে ডেকে এনে সান্ত্বনা দিতেন এবং তাদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিতেন। তিনি বলেন, এসব কর্মকাণ্ডের আড়ালে ভিন্ন বাস্তবতা ছিল।

 “শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী।” তার ভাষ্য, জনগণ তখন বিষয়গুলো বুঝতে পারেনি, তবে বর্তমানে অনেক বিষয় স্পষ্ট হয়েছে।

হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুম সংক্রান্ত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি বলেন, একজন ব্যারিস্টারকে দীর্ঘদিন আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছিল। শেখ হাসিনা দেশ ছাড়ার পর তিনি মুক্ত হয়ে বর্তমানে সংসদ সদস্য হয়েছেন।

বিগত সরকারের দুর্নীতি প্রসঙ্গে ভোলা-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশের দাম ৬০ হাজার টাকা এবং একটি পর্দার দাম ৪২ হাজার টাকা দেখানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে।

লালমোহনের স্থানীয় রাজনীতি প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ অভিযোগ করেন, বিগত সরকারের স্থানীয় সংসদ সদস্য একজন শীর্ষ সন্ত্রাসী ও খুনি ছিলেন। তার দাবি, ২০১০ সালের উপনির্বাচনে ঢাকা থেকে সন্ত্রাসী এনে তার নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও নির্যাতন করা হয়েছিল।