জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে মারা গেছেন বগুড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রনজিনা পারভীন (৫৫) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

পুলিশ জানায়, চিকিৎসকের পরামর্শ নিতে শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। রাজধানীর ফার্মগেট এলাকার ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাওয়ার জন্য ভোরে গাবতলী বাস টার্মিনাল থেকে রিকশায় রওনা হন তিনি।

পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা রিকশার পেছন থেকে তার ব্যাগ ধরে টান দেয়। এতে ভারসাম্য হারিয়ে রিকশা থেকে সড়কে পড়ে যান তিনি। এ সময় তার মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশ কাজ করছে।