নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি নিয়ে সরকার ও কমিশনের মধ্যে কোনো ‘গ্যাপ’ তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, বিষয়টিকে সংঘাত বা গ্যাপ হিসেবে দেখার কোনো কারণ নেই। সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে কমিশনের ঘোষিত তারিখ পরিবর্তিত হতে পারে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের যে সময়সূচি নির্বাচন কমিশন ঘোষণা করেছে, সরকারের সঙ্গে আলোচনা করে সেটি পরিবর্তন, পিছিয়ে দেওয়া কিংবা এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
উপদেষ্টা আরও বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা নির্ধারিত সময়সীমা নেই। নির্বাচন কমিশন তাদের মতো করে একটি তারিখ ঘোষণা করেছে। সরকারের কাছে থাকা তথ্য হিসেবে প্রতিমন্ত্রীর বক্তব্যকেই গ্রহণ করা হবে বলে জানান তিনি।
জাহেদ উর রহমান বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সরাসরি সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত। তবে অন্যান্য নির্বাচন আইন অনুযায়ী সরকারের সঙ্গে সমন্বয় করে আয়োজন করতে হয়। স্থানীয় সরকার নির্বাচনও সেই কাঠামোর মধ্যে পড়ে।
তিনি বলেন, সংসদ নির্বাচনের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। সংসদের মেয়াদ শেষ হওয়ার পর্যায়ে নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নিজস্ব এখতিয়ারে নির্বাচন আয়োজন করবে। তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সরকার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই নির্বাচন আয়োজন করবে। সরকারের প্রস্তুতি, বিবেচনা ও অন্যান্য বিষয় পর্যালোচনার ভিত্তিতে নির্বাচন নির্ধারিত সময়ে, পরে কিংবা আগেও অনুষ্ঠিত হতে পারে।





