ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল দেশেই অবস্থান করছেন এবং তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, মাকসুদ কামালের দেশত্যাগ বা পালানোর কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান চিফ প্রসিকিউটর।

জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করা হয়েছে এ এস এম মাকসুদ কামালকে।

এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) মানবতাবিরোধী অপরাধের ওই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে অভিযোগ দাখিলের বিষয়টি জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। তবে অভিযোগে থাকা ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।

তিনি জানান, অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং একজন সাবেক বিচারপতির নাম থাকতে পারে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হন।

আসামিদের বিরুদ্ধে ওই সময় উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং হামলার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে।